বৌদ্ধ ধর্ম গুরু বনভান্তের ১০২তম জন্মোত্সব পালিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৪৪

বৌদ্ধ ধর্ম গুরু মহাসাধক বৌদ্ধ আর্য্যপুরুষ ভদন্ত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০২তম জন্মোত্সব পালিত হয়েছে। জন্মোত্সবকে ঘিরে গতকাল শুক্রবার সকালে রাঙ্গামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান বৌদ্ধ তীর্থস্থান রাঙ্গামাটি রাজবন বিহার, রত্নাংকুর বনবিহার, যুমচুগ বনাশ্রম বনভাবনা কেন্দ্র, ধনপাতা সাধনা বনবিহার, গর্জনতলী পাড়া শাক্যমনি বৌদ্ধ বিহারসহ বিভিন্ন শাখা বনবিহারে পৃথকভাবে পালিত হয়েছে মহাসাধকের জন্মোত্সব। এ উত্সবকে ঘিরে বৃহস্পতিবার থেকে রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল নামে। ভক্তকুলের শ্রদ্ধাঞ্জলির ফুলে ছেয়ে যায় বনভান্তের নিষ্প্রাণ পেটিকাবদ্ধ দেহ ধাতু।

রাত ১২টা ১ মিনিটে বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে পুষ্পার্ঘ্য দিয়ে ভোর ৬টায় রাঙ্গামাটি রাজবন বিহারে জন্মোত্সবের কেক কাটেন শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য ও রাজবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার পুণ্যার্থী। নানা রঙে তৈরি তোরণ ও বেলুনে সাজানো হয় গোটা রাজবন বিহার এলাকা।

ভোরে বৌদ্ধ পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, ত্রিপিটক পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় সভা। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা।

বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মধ্যে ধর্মদেশনা দেন, রাজবন বিহারের আবাসিক ভিক্ষু প্রধান ভদন্ত শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ভদন্ত শ্রীমত্ জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ ভদন্ত শ্রীমত্ শাসন রক্ষিত মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা।

পুণ্যার্থীদের মধ্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সদস্য সবির কুমার চাকমা, ইলিপন চাকমা প্রমুখ।