৮৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৪৮

রাজধানীতে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

তাত্ক্ষণিক এক ব্রিফিংয়ে র্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, উদ্ধার করা বিষের সঙ্গে থাকা ম্যানুয়াল থেকে জানা যায়, ফ্রান্স থেকে এসব বিষ সংগ্রহ করা হয়। চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে বিষগুলো পাওয়া গেছে। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করে আসছিলেন। ফ্রান্স থেকে আসা এসব বিষ বাংলাদেশ হয়ে কোথায় যাচ্ছিল তা খোঁজ নিতে তদন্ত চলছে।

র্যাবের এই কর্মকর্তা বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পাউন্ড সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট, সিডি ও একটি ম্যানুয়াল। উদ্ধারকৃত বিষের মূল্য প্রায় ৮৫ কোটি টাকা। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি এই বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। পাশাপাশি মাদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহূত হয়।’ এগুলো সাপের আসল বিষ কি না বা কোনো পরীক্ষা করা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যে সব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।’

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয় জনকে আটক করা হয়েছিল। ঐ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশকে সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।