বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিত্সাধীন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ফের সিসিইউতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে বুকে তীব্র ব্যথা ও বুক ধড়ফড় নিয়ে প্রিজন সেলের নার্সকে অবহিত করেন। পরীক্ষানিরীক্ষা করে হূদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিত্সাধীন ছিলেন সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে আনা হয়। তার হূদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা। এদিকে পরিবারের দাবি, ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারি ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। দীর্ঘদিন বন্দি থাকায় উন্নত চিকিত্সা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন সম্রাট।
