হলুদ রঙের পোশাকে ৩৫ বছর

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০২

 

এক রঙের জামা ক’দিন পরা যায়? হয়তো সপ্তাহখানেক! এরপর নিজের কাছেই খারাপ লাগার কথা। কিন্তু সিরিয়ার এক ব্যক্তির দীর্ঘ ৩৫ বছর হলুদ রঙের পোশাক পরছেন! এই ব্যক্তির নাম আবু জাকুর। শুধু হলুদ রঙের শার্ট বা টি-শার্ট নয় প্যান্ট, আন্ডারওয়্যার এমনকি তার নিত্য ব্যবহার্য মাথার টুপি, ছাতা, ফোনের কভার ও বাসার অনেক আসবাবপত্র হলুদ রঙয়ের।

সিরিয়ার আলেপ্পো শহরে থাকেন তিনি। ১৯৮৩ সালের জানুয়ারি মাস থেকে তিনি হলুদ রঙের পোশাক পরা শুরু করেছেন। কারণ তার কাছে হলুদকে ভালোবাসার প্রতীক বলে মনে হয়। সেই থেকে শুরু। এরপর কেটে গেছে দীর্ঘ সাড়ে তিন দশক। এই পুরোটা সময় তিনি একদিনের জন্য হলুদ ব্যতীত অন্য কোনো রঙের পোশাক পরেননি। আবু জাকুর বলেন, ‘হলুদ ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরলে নিজেকে নিষ্প্রাণ মনে হয়। ফলে অন্য কোনো পোশাক পরে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না।’

প্রতিদিন হলুদ রঙের পোশাক পরে থাকায় আবু জাকুর এখন আলেপ্পোর খুবই পরিচিত মুখ। পথে চলতে অনেকেই তার সঙ্গে কথা বলেন, ছবি তোলেন, আবার অনেকে হাসাহাসিও করেন। এই খ্যাতির পাশাপাশি অনেক বিড়ম্বনা তিনি সহ্য করেন।