শ্রীপুর উপজেলাধীন রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশের একটি বাঁশঝাড় থেকে সোহেল ভূঁইয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত সোহেল ভূঁইয়া উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নলগাঁও এলাকার রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানায়, বাঁশঝাড়ের নিচে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সোহেল ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
