নওগাঁয় লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে পলাতক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৪৯

নওগাঁর সাপাহারে ছেলে আরিফ হোসেনের (২৪) লাঠির আঘাতে মা শাহনাজ বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মানিকুড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক। নিহত শাহনাজ বেগম মানিকুড়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিককুড়া গ্রামের পার্শ্ববর্তী তাজপুর গ্রামে বিয়ে শাহনাজ বেগমের। বিয়ের পর ছেলে আরিফসহ একটি মেয়ের জন্ম হওয়ার পর শাহনাজকে স্বামী তালাক দেন। এরপর বাবা অছির উদ্দীনের বাড়িতে ছেলে আরিফকে নিয়ে আলাদা বসবাস করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার ঘটনার দিন সন্ধ্যায় এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম ও ছেলে আরিফ হোসেনের মধ্যে আলোচনা চলছিল। একপর্যায়ে ছেলে আরিফ একটি লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে রামেকে নেওয়ার পথে তিনি মারা যান। সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।