রাজধানীর কামরাঙ্গীরচরের বরিশাল কলোনিতে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সিফাত (১৪)।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে বাকবিতন্ডার জের ধরে ওই কিশোর ছুরিকাঘাতের শিকার হয়। পরে তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টার দিকে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। সে স্থানীয় একটি কারখানার কর্মচারী ছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কামরাঙ্গীরচরের কয়লাঘাট লবণের মিলের পাশে জামাল হাজির বাড়িতে নানীর সঙ্গে থাকত সিফাত। গতকাল বিকালে সে বাসার পাশের মসজিদ সংলগ্ন বরিশাল কলোনি গলিতে দাঁড়িয়ে হালিম খাচ্ছিল। এ সময় অসাবধানতায় একজনের সঙ্গে ধাক্কা লাগে তার। এ নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অপরপক্ষ।
আরো পড়ুনঃ নারায়ণগঞ্জে পারটেক্স গ্রুপের কারখানায় আগুন
স্বজনরা জানান, সিফাতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তার বাবা জামাল ভুঁইয়া। মায়ের নাম রাশেদা বেগম। সিফাত ছোট থাকতেই তার মা-বাবার বিচ্ছেদ ঘটে। তখন থেকে নানীর সঙ্গে থাকত সিফাত।
কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম
