সেলিম আল দীনের প্রয়াণ দিবসে ‘হরগজ’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১২:৩০

বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক ও নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩ তম প্রয়াণ দিবসে তার কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ প্রদর্শিত হবে। স্বপ্নদল প্রযোজনা ও জাহিদ রিপনের নির্দেশনায় ভারতের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘রিষড়া দূরায়ন’ আয়োজিত ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১ (পট্ট নাট্য মেলা) ’ এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্বে প্রদর্শিত হবে এটি। 

নাট্যচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১৪ জানুয়ারি ইউটিউিব চ্যানেল (https://www.youtube.com/channel/UCIFegsKAzdDWKi-J6OaU0ng) থেকে ‘হরগজ’ নাটকটি প্রদর্শিত হবে। 

প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা ব্যবস্থাপনায় শিশির সিকদার।

১৮৫৫ সালে এশিয়ায় প্রথম জুটমিল স্থাপনের ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করার জন্য ‘রিষড়া দূরায়ন’ এ ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল’ আয়োজন করে থাকে। এতে এবারই প্রথম ৯ দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্ব অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পূর্বে ঘটে যাওয়া বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরগজ এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’  নাটকটি রচনা করেন। সেই ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। 

ইত্তেফাক/এএএম