তোমাদের ভেতরে আমি রয়ে যাব যুগ যুগ ধরে
তোমাদের সঙ্গে থাকব আমি যুদ্ধের দামামায়, শান্তির অমরাবতীতে।
সবুজ তৃণদলের মতো আমি ছড়িয়ে থাকব সমগ্র বাংলাদেশে।
আমি সেই অঙ্কুর, যা কি না প্রস্ফুটিত হবে আগামী সকালে
আমি সেই অনিন্দ্যসুন্দর বিহগ, যার কূজন যেন অপূর্বশ্রুত গান!
আমি সেই সোনালি ফসলের পেকে-ওঠা শস্যকণা
আমি সেই মৃদুমন্দ মলয় বাতাস,
যা তোমাদের শ্রান্ত প্রাণ জুড়িয়ে দেয় অপূর্ব পরশে।
বুড়িগঙ্গায় আমি মিশে আছি প্রতিটি ঢেউয়ের দোলায়
অঝোর বর্ষণের প্রতিটি জলকণায় মিশে আছি আমি বিন্দু হয়ে।
অন্ধকার চূর্ণ করা ভোরের নিস্তব্ধতার মিশে আছি আমি অনিঃশেষ আবেশে
গোধূলির গহিন নীরবতায় ত্রসরেণুর মতো হয়ে মিশে আছি আমি।
করুণার অপূর্ব ফল্গুধারার ভেতরে আমি থাকব তোমাদেরই সাথে,
বিভীষিকাময় কৃষ্ণরাতেও আমি জেগে রবো তোমাদেরই হূদয়ে।
ব্রাহ্মমুহূর্তের প্রথম রবিকর আমি, রাতের উজ্জ্বল জ্যোতিষ্ক।
পলিমাটি, নুড়িপাথর অথবা নদীর কলতান ছেয়ে
বৃক্ষের সালোকসংশ্লেষণে আমি মিশে আছি সমগ্র বাংলাদেশে।
স্বাধীনতার দুর্বার যুদ্ধে আমি শাণিত করেছি তোমাদের,
মুক্ত করেছি আবহমান দাসত্বের শৃঙ্খল থেকে।
আমার অঙুলি হেলনে রচিত হয়েছে মুক্তির প্রথম পঙিক্ত।
রাজনীতির মহাকবি আমি—
বিপ্লবের ইশতেহার লিখে দিয়েছি অবিনাশী কালিতে।
আমি গ্রাহ্য করি না কাউকে, ঈশ্বর ছাড়া।
শান্তিময় জীবন নির্মাণের অবিসংবাদিত দূত আমি।
তবে অশান্তি সৃষ্টিকারী দুষ্টের দমনে আমি
হাতে তুলে নিতে দ্বিধা করি না বিধ্বংসী ধ্বংসাস্ত্র।
সুতরাং কেউ যদি ভাবে আমাকে ছাড়াই লেখা হবে ইতিহাস—
তাহলে সে এমন এক অন্ধ—
যে কি না নির্বোধের মতো মনে করে—সে দেখতে পায়!
বরেন চক্রবর্তীর কবিতার বই A Nation Confesses (অবসর, ২০১৪) থেকে I Am Every Where কবিতার ভাবানুবাদ
ভাষান্তর :তাপস কুমার দত্ত
