শঙ্কামুক্ত আছেন ফোয়াদ নাসের বাবু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:১২

বিনোদন রিপোর্ট

 

দেশের স্বনামধন্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু এখন শঙ্কামুক্ত আছেন। গতকাল সকালে হাসপাতাল সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার শরীরের অবস্থা আপাতত শঙ্কামুক্ত রয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুণী এই সংগীত পরিচালককে। শুক্রবার রাতেই চিকিত্সকরা জানান, তার হার্টে দুটি ব্লক রয়েছে। যার একটি শতভাগ, অন্যটি ৭০ ভাগ। এরমধ্যে শতভাগ ব্লক থেকে মুক্ত হওয়ার জন্য একটি রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

ফোয়াদ নাসের বাবুর ঘনিষ্ঠজন গীতিকবি গুঞ্জন রহমান বলেন, ‘রিং পরানোর পর চিকিত্সকরা জানিয়েছেন বাবু ভাই এখন মোটামুটি শঙ্কামুক্ত। তবে এখানে নিবিড় পরিচর্যার বিষয় রয়েছে। আর ৭০ ভাগ যে ব্লকটা, সেটি ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হবে। তবে সেটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’ এছাড়া কেউ যেন হাসপাতালে গিয়ে অযথা ভিড় না করেন এবং সবার কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে এই সংগীত পরিচালকের পরিবার।

উল্লেখ্য, ৭০-এর দশকের ব্যান্ড ‘ফিডব্যাক’-এর প্রতিষ্ঠাতা সদস্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। এখনো এই ব্যান্ডটিকে তিনি বাঁচিয়ে রেখেছেন তার অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বগুণে। তিনি ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সংগীত পরিচালক হিসেবে জিঙ্গেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে ৫ দশক কাজ করে চলছেন।