যুক্তরাষ্ট্রই আমাদের সবচেয়ে বড় শত্রু :কিম জং উন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:১৬

রয়টার্স

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে ওয়াশিংটনের হুমকি মোকাবিলায় আরো অত্যাধুনিক পরমাণু অস্ত্র বানানোর ওপর জোর দিয়েছেন।

কিম তার দেশের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার দিকে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অগ্রগতির পথে প্রধান বাধা বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তর কোরিয়া একাধিক ওয়ারহেডযুক্ত রকেট, নতুন ধরনের ব্যালাস্টিক রকেটের জন্য সুপারসনিক গ্লাইডিং ফ্লাইট ওয়ারহেডসহ নানান ধরনের অস্ত্র পরীক্ষা ও উত্পাদনের পাশাপাশি পারমাণবিক সাবমেরিনের গবেষণাও প্রায় শেষ করে এনেছে বলে জানান দেশটির শীর্ষ নেতা।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসে কিমের দেওয়া বক্তব্যে সামনের মাসগুলোতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে গতিশীল করার ইঙ্গিত রয়েছে। তেমনটা হলে বাইডেন প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ংয়ের টানাপোড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।