আগ্রহ হারানোর শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্স

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

বড় উত্থানের মাধ্যমে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২২ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। প্রধান মূল্য সূচক বেড়েছে ২০০ পয়েন্টের ওপরে। দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। দেশের শেয়ারবাজারের জন্য গত সপ্তাহ খুব ভালো কাটলেও বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের শেয়ারের বিনিয়োগকারীদের জন্য সপ্তাহটি মোটেই ভালো ছিল না। বিনিয়োগকারীদের একটি বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়ে ডিএসইতে দাম কমার শীর্ষস্থানটি দখল করেছে ন্যাশনাল ইনসিওরেন্স। সপ্তাহ জুড়ে তাদের শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে ১৩ টাকা ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৩ টাকা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৭৩ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। ফলে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকা। বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল দেশ গার্মেন্টস। সপ্তাহ জুড়ে এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। এর পরই রয়েছে শাইনপুকুর সিরামিক। সপ্তাহ জুড়ে এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৮০ শতাংশ। এছাড়া, গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনালী আঁশের ১২ দশমিক ৭৬ শতাংশ, ফাইন ফুডের ১২ দশমিক ৫৪ শতাংশ, এশিয়া প্যাসেফিকের ১২ দশমিক ১৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ১২ দশমিক শূন্য ৬ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ১১ দশমিক ৬০ শতাংশ, রিপাবলিক ইনসিওরেন্সের ১১ দশমিক ৩৩ শতাংশ এবং প্রভাতী ইনসিওরেন্সের ১০ দশমিক ১৯ শতাংশ দাম কমেছে।