বসুন্ধরা-সাইফ ফেডকাপ ফাইনাল আজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় মখোমুখি হবে করপোরেট দুই দল বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব। দুই দলের ফাইনালের আগে কাল দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের উপস্থিত থাকর কথা। কিন্তু বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, অধিনায়ক তপু বর্মন এবং সাইফের এসেছেন কর্মকর্তারা। বেলজিয়ান কোচ কিংবা অধিনায়ক আসেননি। তার ওপর যাদের জন্য সংবাদ সম্মেলন, তারা টেবিলের দুই কোনায়, আড়ালে পড়ে গেছেন। সংবাদ সম্মেলনের শুরুতেই ফাইনালে ওঠা দুই দলের অবস্থান নিয়ে কথা উঠলেও পরে অবশ্য ফাইনালের আলোচনায় জড়িয়ে যায় সবাই।

বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সাইফ স্পোর্টিং এবারই প্রথম ফাইনালে উঠেছে। ফাইনালের যোগ্য দুই দল। অসাধারণ খেলেছে টুর্নামেন্টে। কোনো ম্যাচ হারেনি। মোহামেডান-আবাহনীর মতো খ্যাতনামা দল নেই। তার পরও আজকের ফাইনাল নিয়ে ফুটবল মহলে বাড়তি উত্তেজনা আছে। এবার যারা ফেডকাপে খেলা দেখেছেন, তাদের চোখে করপোরেট ডার্বি ফাইনাল আজ। বসুন্ধরা শক্তিশালী দল, সাইফ স্পোর্টিংও কোনো অংশে কম নয়। দুই দলই মূলত বিদেশিদের ওপর নির্ভর। বসুন্ধরা কিংসে আছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়। আক্রমণভাগে তারা বসুন্ধরাকে টেনে নিয়ে যাচ্ছেন। গোলের পর গোল করে ফাইনালে তুলেছেন।

বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন খুব কৌশলী। চতুর কোচ। প্রতিপক্ষের পরিকল্পনা দেখে নিজের পরিকল্পনা ঘুরিয়ে দিতে পারেন। তার অবশ্য কারণও আছে। বসুন্ধরার রিজার্ভ বেঞ্চ খুব শক্তিশালী। একাদশ যতটা শক্তিশালী, বেঞ্চেও শক্তিশালী খেলোয়াড় রয়েছেন। একজন ফেইল করলে আরেকজনকে মাঠে নামানোর সুযোগ আছে। ব্রুজনও তার দল নিয়ে জানিয়ে গেলেন অনেক কথা। শুধু বলেননি সাইফের দুর্বলতার জায়গা। মাঠে দ্রুত জায়গা পরিবর্তন করা, ১০-১৫ মিটার জায়গার মধ্যেও তারা অনেক কিছুই করতে পারেন। তবে দুর্বলতা কোথায় আছে সেটি এখানে বলতে রাজি নন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন। ব্রুজন বললেন, ‘দুর্বল জয়াগা তো আছেই। আমরা জানি। কঠিন প্রতিপক্ষ কঠিন ম্যাচ হবে।’

সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠানের মালিক তরফদার রুহুল আমিন। তার ছেলের নামে দল সাইফ স্পোর্টিং ক্লাব। তরফদার চট্টগ্রাম আবাহনীতেও আছেন। তাদেরই দল সাইফ তারুণ্যনির্ভর দল। জাতীয় দলের পাঁচ ফুটবলার রয়েছেন এখানে। আক্রমণভাগে শক্তিশালী। নাইজেরিয়ান কেনেথ দুর্দান্ত ফর্মে রয়েছেন। আগুনের ফুলকি ছড়ানোর মতো খেলোয়াড় আছেন দলে। সাইফের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বেলজিয়ান কোচ পল যোসেফ পুট। এই কোচ খেলা আদায় করার মহাওস্তাদ। মাঠে তাকে ঠান্ডা দেখা যায়। কিন্তু অনুশীলনে তিনিই নাকি সবচেয়ে বেশি আগুন ঝরান খেলোয়াড়দের ওপর। চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি সাইফের সামনে। সবকিছু বাদ দিয়ে একটা কথা পরিষ্কার, বসুন্ধরা কিংস ও সাইফের ফাইনাল হবে ফুটবল উপভোগ্য ম্যাচ। উত্তেজনার পারদ ছড়াবে।