অজিদের দাপট

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৫২

সিডনিতে

স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন জুটিতেই শক্ত অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। লাবুশেনের আক্ষেপ থাকলেও স্মিথ তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি (১৩১)। ম্যাচের নাটাইটাও এবার এই যুগলবন্দির হাতে। তৃতীয় দিন শেষে ১৯৭ রানের লিড নিয়ে অজিদের সংগ্রহ ২ উইকেটে  ১০৩ রান। তৃতীয় উইকেটে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন লাবুশেন (৪৭*) ও স্মিথ (২৯*)।

সিডনিতে দুই জনে মিলে আজ প্রথম সেশনটা পার করলেই জয়ের আশাটা উজ্জ্বল হবে অজিদের। তার আগে কাজটা সহজ করে দেন বোলাররা। দ্বিতীয় দিন লড়াইয়ের ইঙ্গিত দিয়ে শেষ করা ভারত গতকাল এর ছিটেফোটাও দেখাতে পারেনি।

প্যাট কামিন্সের দাপটে ২ উইকেটে ৯৬ রান থেকে ২৪৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এর মধ্যে তিনটিই উইকেটে ঝড়ে গেছে রান আউট। যা ‘অমঙ্গল’ বয়ে এনেছে ভারতের জন্য। কেননা এর আগে ছয় বার এমন পরিণতি দেখে একবারও জয় পায়নি তারা।

সফরকারীদের হয়ে যা একটু লড়াই করেন চেতেশ্বর পুজারা।  ১৭৪ বলে তুলে নেনে ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটি। তা থেকে আর একটি রানও বেশি করতে পারেননি তিনি। ফিরতে হয় কামিন্সের আনপ্লেয়েবল ডেলিভারিতে। পুজারার আগে রাহানেকেও দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন কামিন্স। পুরো ইনিংসে মাত্র ২৯ রান খরচ করে ৪ উইকেট নেন এই পেসার।    

৯৪ রানের লিড নিয়ে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩৫ রানেই ফেরেন দুই ওপেনার উইল পুকোভস্কি ও ডেভিড ওয়ার্নার। তবে তৃতীয় উইকেটে হাল ধরেন লাবুশেন-স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩৩৮ ও ১০৩/২ (ওয়ার্নার ১৩, পুকোভস্কি ১০, লাবুশেন ৪৭*, স্মিথ ২৯*; সিরাজ ২০-১, অশ্বিন ২৮-১)। ভারত: ২৪৪ (পুজারা ৫০, পান্ত ৩৬, জাদেজা ২৮*; হ্যাজলউড ৪৩-২, কামিন্স ২৯-৪)।