স্পোর্টস রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ আজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এ ম্যারাথন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হবে ৪২.১৯৫ কিলোমিটার। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হবে ২১. ৩৯৭ কিলোমিটার। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম- কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ- গুলশান ২- গুলশান ১- পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) হবে ম্যারাথনের রুটম্যাপ। সকাল সাড়ে ৬টায় ফুল ম্যারাথনে ১০০ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে হাফ ম্যারাথনে ১০০ জন অংশ নেবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেবেন। এরই মধ্যে বিদেশি দৌড়িবিদরা ঢাকায় এসে পৌঁছেছেন। অলিম্পিক গেমসে অংশ নেবেন এমন ক্রীড়াবিদও এসেছেন ঢাকায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সহযোগিতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ের মাধ্যমে এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।
