আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবাচতে যাচ্ছেন সাবেক জার্মান অধিনায়ক মেসুত ওজিল, একাধিক সংবাদমাধ্যমের খবর। মিকেল আরতেতা দায়িত্ব নেওয়ার পর আর্সেনালে একরকম ব্রাত্যই হয়ে গিয়েছেন ওজিল। চলতি মৌসুমে একবারও মাঠে নামতে দেখা যায় নি তাকে। শীতকালীন দলবদলের শুরুতেই তাই নতুন গন্তব্যের খোঁজে আছেন এই মিডফিল্ডার। ফেনারবাচর সঙ্গে বেতন মিটমাট হলেই তুরস্কের পথে পা বাড়াবেন তিনি। ওদিকে চুক্তি বাতিল করে ডিয়েগো কস্তাকে ছেড়ে দেওয়ার পর নতুন একজন সেন্টার ফরওয়ার্ডের খোঁজে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসেকে আনার চেষ্টা করলেও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে বনিবনা না হওয়ায় এখন লিওঁর ফরাসি স্ট্রাইকার মুসা ডেম্বেলেকে দলে ভেরানোর চেষ্টা করছেন ডিয়েগো সিমিওনে।
