সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডে ভোটযুদ্ধে লড়ছেন সহোদর দুই ভাই। এরা হচ্ছেন—বর্তমান কাউন্সিলর ও প্রার্থী কাজী মনোয়ার হোসেন হায়দার। তিনি ডালিম প্রতীক নিয়ে লড়ছেন। একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ভাই কাজী রাশেদ। তিনি লড়ছেন টেবিল লাইট মার্কা নিয়ে। পৌরসভার ঐ ওয়ার্ডে সাধারণ আসনে মোট সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পারিবারিক দ্বন্দ্বের কারণে এবারে দুই ভাইও প্রার্থী হয়েছেন। কাজী মনোয়ার হোসেন হায়দার বর্তমান কাউন্সিলর এবং প্রার্থী হয়েছেন ও ছোট ভাই কাজী রাশেদ বিমান বাহিনীতে চাকরি করে অবসর নিয়েছেন। তাকে তার মা ভোটে দাঁড় করিয়েছেন বলে জানান তিনি। দুই ভাই প্রার্থী হওয়ায় ভোটারদের কেউ ভালো চোখে আবার কেউ বা অন্য চোখে দেখছেন। তাদের বাবা প্রয়াত কাজী ওমর আলী ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা।
