গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
দেশের দূরবর্তী জেলা থেকে কাশ্মীরি কুল গাছের চারা সংগ্রহ করে রোপণের পর কুল চাষে সফলতা পেয়েছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের কৃষক নাজমুল সরদার। তিনি জানান, তিনি পানের বরজ, বোরো ধান ও মাছ চাষ করেন। সাত মাস আগে কুল চাষের শখ হয় তার। এরই মধ্যে বগুড়া জেলা থেকে ৫০০ কাশ্মীরি কুল চারা সংগ্রহ করে বিলের মধ্যে মাছের ঘেরের দুই পাশে রোপণ করা হয়। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের সাত মাসের মধ্যেই প্রত্যেকটি গাছ এখন কুলে কুলে পরিপূর্ণ। তিনি আরো জানান, চারা রোপণ থেকে শুরু করে এ যাবত্ তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে প্রথম বছরেই গাছে যে পরিমাণ ফলন হয়েছে এবং কলমের চারা বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে তাতে খরচ বাদ দিয়ে এ বছরই কয়েক লাখ টাকা লাভ হবে তার। এছাড়াও কয়েক দিনের মধ্যেই কুল বাজারজাত করা যাবে।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান জানান, কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা দিতে মাঠে কাজ করে যাচ্ছেন। কৃষি অফিসের সঠিক পরামর্শ নিয়ে কৃষক নাজমুল সরদার কুল চাষ করায় এখন স্বাবলম্বী হওয়ার পথে।
