দুই মাসেও হাতিয়ায় বিদ্যুত্ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়নি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

যান্ত্রিক ত্রুটির কারণে গত ৩১ অক্টোবর থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভা এলাকায় বিদ্যুত্ সরবরাহব্যবস্থা ১৬ ঘণ্টার স্থলে ছয় ঘণ্টায় নেমে আসে। ৭০ দিন পার হলেও উপজেলা পরিষদ এলাকা ছাড়া পৌরসভার অন্যান্য এলাকায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলতে থাকে। কোনো কোনো এলাকায় প্রতিদিন চার/পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুত্ থাকে না। কয়েক জন বিদ্যুত্ গ্রাহক অভিযোগ করেন, অতীতে শীতকালে হাতিয়ায় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ছিল। কিন্তু এ বছর বিদ্যুতের নাজুক পরিস্থিতির কারণে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওছখালী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. শাহাদত হোসেন জানান, বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতার কারণে হাতিয়াতে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে না। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, ইঞ্জিন মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সময়মতো যন্ত্রাংশ কিনতে না পারার কারণে ইঞ্জিন মেরামতের কাজ বিলম্ব হচ্ছে।