গোপালগঞ্জে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
গোপালগঞ্জ প্রতিনিধি নতুন ব্যবসা সৃষ্টি শীর্ষক উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে জাতীয় ক্ষুদ্র ও কুঠিরশিল্প সমিতি (নাসিব) গোপালগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসএমই ফাউন্ডেশন ও নাসিব আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরশুরাম (ফেনী) সংবাদদাতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষ্যে ফেনী সদর উপজেলা শাখার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের উদ্যোগে শনিবার আলোচনাসভা ও দোয়া মাহফিল হয়েছে। শহরের মডেল হাই স্কুল অডিটোরিয়ামে এ আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার।
কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার আইসিটি হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে শনিবার পটুয়াখালী শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা, কিশোরী মেয়েদের ধর্মান্তরীত করা, চট্টগ্রামে ব্রিটিশবিরোধী নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক ভবন ভাঙচুরসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে। প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশ হয়।
মহেশপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার প্রেসক্লাব সম্পর্কিত এক বিশেষ সাধারণ সভা হয়। সভায় প্রেসক্লাবের ভবন নির্মাণসহ প্রেসক্লাব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আহ্বায়ক, আব্দুর রহমান ও এস এম এনামুল হক দুলুকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের প্রেসক্লাবের ভবন নির্মাণ কমিটি গঠন করা হয়।
লালপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি
লালপুর (নাটোর) সংবাদদাতা নাটোর জেলায় অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুর উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদ। শনিবার গোপালপুরে পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তাহাজ উদ্দিন।
খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকালে খাদ্যের নিরাপত্তা শীষর্ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ কর্মকর্তা সৌরভ রায়।
