বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের স্বাধীনতা ছিল অপূর্ণ :আমু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ মানুষের কাছে ছিল কল্পনাতীত, স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল এক ভিডিও বার্তায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমির হোসেন আমু বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতার পরিপূর্ণতা পায় দেশবাসী।

আমির হোসেন বলেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মানুষের আত্মতৃপ্তি ছিল না। ছিল না কারো মুখে হাসি। এমনকি বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরতে চাননি ভারতে মুক্তিযুদ্ধকালীন আশ্রয়রত বাংলাদেশের শরণার্থীরাও। সবার ভাবনা ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা নিয়ে, আর বেঁচে থাকলে কবে দেশে ফিরবেন সেই প্রশ্ন। ১০ জানুয়ারি ছিল বাঙালির কাছে বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত। যাকে কেন্দ্র করে আর যার আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেই মহান নেতার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হয় জাতি।