বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
বিশেষ প্রতিনিধি
আজ রবিবার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে হাতিরঝিলে পৌঁছে শেষ হবে ম্যারাথন। রুট ও আশপাশ এলাকার নিরাপত্তা এবং ম্যারাথন চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কিছু নির্দেশনা রয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির নির্দেশনা—আজ রবিবার সকাল সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। দর্শনার্থীরা তাদের যানবাহন পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করবেন। সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সম্মুখে ফিনিক্স রোডে আড়ংয়ের সন্নিকটে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পুলিশ প্লাজার সম্মুখে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
