আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আশুগঞ্জে গলায় ফাঁস দিয়ে মৃনাল কান্তি দাস (৪৫) নামে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সদরের আলমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃনাল কান্তি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামের বাসিন্দা। তিনি আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে স্ত্রী ঘুম থেকে জেগে বাইরে থেকে দরজা আটকানো বুঝতে পেরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ফোন করে খবর দেন। পরে বিষয়টি পুলিশকেও অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃনালকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
