বরিশালে মহানগর আওয়ামী লীগের সভা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:৩৪

বরিশাল মহানগর আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির (২০১৯-২০২২) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর কালিবাড়ি রোডে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভা পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। সভার শুরুতে ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সব শহিদ ও দলীয় নেতাকর্মীদের স্মরণে এক মিনিট  নীরবতা পালন করা হয়। এরপরে সভায় দলকে শক্তিশালী করতে নানা সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।