স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না। এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভ্যাকসিনের কোনো অভাব হবে না।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদেরকে কিছু ভ্যাকসিন বিনা মূল্যে দিবে যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মধ্যে বিতরণ করব।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য রাখেন।
