সোনারগাঁয়ে শুক্রবার রাতে অতিরিক্ত মদপানে উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জলসহ চার জনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা। এছাড়া মদপানে অসুস্থ হয়ে জিসান, রাহিম, হূদয়সহ ছয় জন হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী। তবে নিহতদের পরিবারের দাবি খাদ্যে বিষক্রিয়ায় তারা মারা গেছেন, মদপানের কারণে নয়।
মৃতরা হলেন—পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল (৪০) ও প্রতাপনগরের কামালের ছেলে জিসান (২৫)। গত শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবুর ব্যক্তিগত অফিসে অতিরিক্ত মদপানের কারণে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত চার জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা কীভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে নিহতদের পরিবারের দাবি খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। এদিকে ছাত্রলীগ নেতা জাহিদের মৃত্যুর খবর শুনে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
