সাগরে ২২ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০০:২১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভেসে থাকার পর ফিশিং বোট ‘এফবি আল হাসান’ থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শুক্রবার নৌবাহিনীর জাহাজ ‘নির্মূল’ ও ‘অতন্দ্র’ গভীর সমুদ্রে টহলরত অবস্থায় সেন্টমার্টিনের ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে। গতকাল শনিবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা জানিয়েছেন, গত ৯ ডিসেম্বর ফিশিং বোটটি ১৮ জন মাঝি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ১৭ ডিসেম্বর পায়রা বন্দর বয়ার কাছে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ২২ দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকে। এসময়ে জেলেরা শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচে ছিলেন। পানি ও খাদ্যসংকটে তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা, প্রয়োজনীয় খাদ্য ও কাপড় দেয়। পরে তাদের ফিশিং বোটটির ত্রুটিযুক্ত ইঞ্জিন মেরামত করে নৌকা ও মাঝিদের নিরাপদে পটুয়াখালীতে পাঠানোর জন্য নৌবাহিনীর সেন্টমার্টিন ঘাঁটিতে হস্তান্তর করা হয়।