ভারতে করোনা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামী শনিবার ১৬ জানুয়ারি। গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক শেষে এ তথ্য দেওয়া হয়। এনডিটিভির খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, করোনা টিকাকরণ প্রক্রিয়ার জন্য সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল কতটা প্রস্তুত আছে তা পর্যালোচনার জন্য গতকাল উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ প্রমুখ। এদিকে আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) টিকা দেওয়ার বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টিকাদান কার্যক্রমের আওতায় প্রথমে স্বাস্থ্যকর্মী ও সামনের সারি থেকে যুদ্ধ করা মানুষজনকে আনা হবে। এই সংখ্যা প্রায় ৩ কোটি হবে। স্বাস্থ্যকর্মীদের পর টিকাকরণের আওতায় আসবেন ৫০ বছরের বেশি বয়সের মানুষ।
