রোজিনার পরিচালনায় নিরব

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২০:৫০

  বিনোদন রিপোর্ট

 

এর আগে ছবি প্রযোজনা করলেও এবারই প্রথম পরিচালনায় আসছেন এক সময়ের অসংখ্য ব্যবসাসফল ও কালজয়ী সিনেমার নায়িকা রোজিনা। ‘ফিরে দেখা’ শিরোনামের একটি ছবির মাধ্যমে পরিচালনার খাতায় নাম লেখাচ্ছেন তিনি। আর তার প্রথম ছবিতেই নায়ক হিসেবে পর্দায় দেখা যাবে এ সময়ের আলোচিত চিত্রনায়ক নিরবকে। গতকাল বিকেলে রোজিনা খবরটি নিশ্চিত করে জানান, নিরবকে নিয়ে ১ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু করবেন তিনি। 

নিরব এর আগে প্রয়াত অভিনেতা নায়ক রাজরাজ্জাকের পরিচালনায় কাজ করেছেন। এমন গুণী মানুষদের সঙ্গে কাজ করতে পারা নিজের ক্যারিয়ারে জন্য অনেক গৌরবের বলে মনে করেন এই অভিনেতা। ছবিটিতে কাজ প্রসঙ্গে নিরব বলেন, ‘রোজিনা আপুকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাছাড়া এমন একজন গুণী ব্যক্তিত্ব সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে খুব সহজ নয়। তার সম্পর্কে সকলেই জানেন। তবে আমাদের বাড়ি একই এলাকায় হওয়াতে এরইমধ্যে আমাদের বোঝাপড়াও মজবুত হয়েছে। রোজিনা আপা তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নির্মাণে আসছেন। সৌভাগ্যের বিষয় তার প্রথম ছবিতেই আমি কাজের সুযোগ পেয়েছি। বলতে পারেন এটা আমার ক্যারিয়ারের জন্য শুধু নয়, আমার জন্য গৌরবেরও বটে। আশা করছি দারুণ একটি কাজ হবে।’

২০১৯-২০ অর্থ বছরে এ ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন রোজিনা। রোজিনা বলেন, ‘ফিরে দেখা নির্মিত হবে রোজিনা ফিল্মসের ব্যানারে। এর আগে ছবি পরিচালনা না করলেও নিরবকে নিয়ে প্রথমবার পরিচালনা করতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি।’