নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইল উপজেলার কৃষকরা শীতকালীন সবজি শিম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ভালো ফলন এবং বাজার পেয়ে খুশি কৃষক পরিবার। উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের শিম চাষ হচ্ছে। বিস্তীর্ণ ফসলের মাঠ ভরে গেছে শিমে। সবুজের উপর লাল-সাদা ফুলের সমারোহ।
নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর নান্দাইলে ৩৯৪ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। দুলাল মিয়া, রোকন উদ্দিন, মতিউর রহমানসহ বেশ কয়েক জন কৃষক শিম চাষ করে বদলে ফেলেছেন তাদের ভাগ্যের চাকা। তারা জানান, এ বছর শিমের বাজার বেশ ভালো। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আনিসুজ্জামান বলেন, কৃষি বিভাগের পরামর্শ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সঠিক তদারকি ও সুষ্ঠু পরিচর্যায় শিমের ফলন ভালো হয়েছে। লাভজনক হওয়ায় এ এলাকার কৃষক শীত মৌসুমে ব্যাপকভাবে শিম চাষ করে থাকেন। শিম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক।
