যান্ত্রিক রিকশার লাইসেন্স দাবিতে বগুড়ায় সমাবেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২২

স্টাফ রিপোর্টার, বগুড়া

পৌরসভা থেকে অটোরিকশাা-ভ্যান-ইজিবাইকের ট্রেড লাইসেন্স প্রদান, অটোরিকশা ভাঙচুর, শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে রবিবার শহরের বনানী থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদ এই পদযাত্রার আয়োজন করে। পরে দুপুর ১২টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ কবির হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ পারভেজ, প্রভাষক রঞ্জন কুমার দে, শিক্ষানবিশ আইনজীবী দিলরুবা নূরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত সুষ্ঠুভাবে অটোরিকশা-ভ্যান-ইজিবাইক চালানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।