বিয়ের প্রলোভনে ধর্ষণ প্রেমিক গ্রেফতার

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৬

পটুয়াখালী প্রতিনিধি

বিয়ের প্রলোভনে নবম শ্রেণির স্কুলছাত্রীকে (১৫) পটুয়াখালী শহরের আবাসিক হোটেল পানামায় এনে ধর্ষণ করেছে তার প্রেমিক।  এই অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবার দায়ের করা মামলায় প্রেমিক অমিত চন্দ্র শীলকে (১৯) শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বরাতে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অমিত ঢাকার কেরানীগঞ্জের একটি সেলুনে নরসুন্দরের কাজ করে। মাত্র এক মাসের মতো হয়েছে মেয়েটির সঙ্গে তার গভীর প্রেম হয়। এর মধ্যে বিয়ের কথা বলে অমিত ঢাকা থেকে গত বৃহস্পতিবার পটুয়াখালী এসে হোটেল পানামায় ওঠে এবং মেয়েটিকে সেখানে আসতে বলে ধর্ষণ করে। পরে হোটেল থেকে বের হয়ে মেয়েটি তার বাবাকে ফোনে ঘটনা জানায়। শনিবার রাতে বাউফল থানায় মামলা হয়। রবিবার আসামি অমিতকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।