অনুশীলন শুরু করল বাংলাদেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৭

যোগ দেননি ব্যাটিং ও পেস বোলিং কোচ

 স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজ এসেছে কাল, সিরিজটি সামনে রেখে সেদিনই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অনেক দিন পর আবারও জাতীয় দলের ক্যাম্প। অবশ্য মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন এখন পরিচিত দৃশ্য। গত কয়েক মাস  অনেকেই ছিলেন কারো সতীর্থ কিংবা প্রতিপক্ষ। তবে এবার প্রতিপক্ষ শুধুই ওয়েস্ট ইন্ডিজ আর খেলবেন বাংলাদেশের হয়ে।

তাই নিয়মিত অনুশীলন করলেও অনেক দিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরে বেশ উচ্ছ্বসিত নাজমুল হোসেন শান্ত। গতকাল সকালে ঘাম ঝরানোর পর বাহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘অবশ্যই অনেক বেশি রোমাঞ্চিত। অনেক দিন পরে সবাই একসঙ্গে ন্যাশনাল ক্যাম্পে আবার জয়েন করছি। খুব ভালো একটা প্র্যাকটিস সেশনও হয়েছে এবং উপভোগ করছি একসঙ্গে অনেক দিন পর দেখা হলো সবার সঙ্গে। যদিও শেষ টুর্নামেন্টটা আমরা একসঙ্গে ছিলাম তবে একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা আলাদা একটা অনুভূতি। অনেক বেশি উপভোগ করছি।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সুবাদে খেলার মধ্যেই আছেন স্কোয়াডে ডাক পাওয়া সব ক্রিকেটারই। তবু আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় (১০ মাস) পর মাঠে নামছে বাংলাদেশ। সেদিক থেকে একটু চিন্তা হতেই পারে। তবে শান্ত  জানালেন প্রস্তুতি ঠিকঠাকই আছে তাদের।     

তিনি বলেন, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর আমরা খেলব কিন্তু আমি মনে করি, প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। কারণ  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও প্রেসিডেন্টস কাপে আমরা সবাই খেলেছি। তাই প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে তারপরও অনেক দিন পরে। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা প্রবলেম হবে না।’

প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও স্পিনার নাঈম হাসান। দুজনেই আঙুলের চোটে ভুগছেন। ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন ছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে অনুশীলনে ছিলেন কোচিং স্টাফের বাকিরা। যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় এখনো কোয়ারেন্টাইনে রয়েছেন গিবসন ও লুইস। দ্রুত যেন অনুশীলনে যোগ দিতে পারেন তারা সেজন্য সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের যেসব ব্রিটিশ নাগরিক এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ সফর করবেন তাদের জন্য কোভিড প্রোটোকলের জন্য কিছু বিধিনিষেধ আছে। এই ব্যাপারে ইতিমধ্যে সরকারের কাছে আমরা আবেদন করেছি। খুব শিগিগরই হয়তো আমরা অনুমোদনটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা পরপর দুইটা টেস্টে নেগেটিভ হওয়ার পর সরকারের অনুমতি সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।’