ঢাকায় এসে কোয়ারেন্টাইনে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বর্তমানে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকাল সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ৩৮ সদস্যের বহর।

প্রায় ১০ মাস বিরতিতে থাকার পর এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তবে করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা তৃতীয় সিরিজ। এর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে গিয়ে খেলে এসেছে তারা। তবে করোনাভীতি ও ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসেননি শীর্ষ ১২ ক্রিকেটার। তাই অনেকটা খর্বশক্তি দল নিয়ে বাংলাদেশে এসেছে ক্যারিবিয়ানরা। করোনা পরীক্ষা করিয়ে বর্তমানে হোটেল সোনারগাঁওয়ে সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবে সফরকারী দল। তৃতীয় দিন আরেক বার করোনা পরীক্ষা করা হবে। এই তিন দিন হোটেল রুম থেকে বের হতে পারবেন না কেউ। দুই পরীক্ষায় নেগেটিভ আসলেই কোয়ারেন্টাইনে থেকে ১৪ জানুয়ারি অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। চার দিন পর ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।  

ওয়ানডে সিরিজের তিন ম্যাচের প্রথম দুটিই হবে মিরপুরে ২০ ও ২২ জানুয়ারি। শেষ ম্যাচটি চট্টগ্রামে ২৫ জানুয়ারি খেলবে দুই দল। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার আগে বিসিবি একাদশের সঙ্গে তিন দিনের (২৯-৩১ জানুয়ারি) প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।