মেসি-গ্রিজমানের ‘জোড়া’য় বার্সার বড় জয় তুষারসিক্ত মাঠে

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৮

রিয়ালের ড্র

 স্পোর্টস ডেস্ক

ধীরে ধীরে যেন স্বরূপে ফিরছেন মেসি। মাঠে ও মাঠের বাইরের বিভিন্ন বিতর্কের কারণে মৌসুমটা বন্ধুরভাবে শুরু করলেও এখন প্রায়শই নিজের ঘাতক রূপটি দৃশ্যমান করছেন প্রতিপক্ষদের সামনে। তিন দিন আগে বিলবাওয়ের বিপক্ষে করা জোড়া গোলের স্মৃতি বাসি হওয়ার আগেই শনিবার গ্রানাডার বিপক্ষেও করলেন জোড়া গোল। মেসি-গ্রিজমান যুগবন্দির কল্যাণে গ্রানাডার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় দিনের অন্য ম্যাচে খর্বশক্তির ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

মাঠে একত্রবন্ধ মেসি-গ্রিজমান জুটি কতটা দুর্ধর্ষ হতে পারে তার কিছুটা আভাস পাওয়া গেল লস কারমেনেস স্টেডিয়ামে। প্রথম বারের মতো একই ম্যাচে জোড়া গোল করলেন দুজনই। মেসির প্রথম গোলটি এসেছে আবার গ্রিজমানের পাস থেকেই। দ্বিতীয় গোলটি এসেছে অবশ্য দুর্দান্ত এক ফ্রিকিক থেকে। বার্সেলোনার জার্সিতে ফ্রিকিক থেকে নিজের ৪৮তম গোলটি করার রাতে মেসি ছাড়িয়ে গেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে (৪৭টি)। এই জয়ে টেবিলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের তিন পয়েন্টের ব্যবধানে এসে পড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।  এই মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নরা যেন পচা শামুকে পা কাটাটা অভ্যাসে পরিণত করে ফেলছে। তুষারে সিক্ত এল সাওয়ার স্টেডিয়ামে অবনমন অঞ্চলে থাকা ওসাসুনার বিপক্ষেও পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ।