আরো ছয় মাস বাড়ল শুল্কমুক্ত সুরক্ষাসামগ্রী আমদানির সময়

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, কিটসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব পণ্য বিনা শুল্কে আনা যাবে। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ানো হলো। শুল্কমুক্ত সুরক্ষাসামগ্রী আমদানির সর্বশেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্কমুক্ত সুবিধা পেতে আমদানিকারককে অবশ্যই সরকারি নিবন্ধনভুক্ত (আইআরসি) ওষুধ কোম্পানি, মেডিক্যাল সরঞ্জাম উত্পাদক ও পোশাক উত্পাদনকারী প্রতিষ্ঠান হতে হবে। উল্লেখ্য, করোনা শুরুর প্রথম দিকে গত বছরের এপ্রিল মাস থেকে সব ধরনের সুরক্ষাসামগ্রীর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, অগ্রিম আয়করসহ যাবতীয় শুল্ক-কর মওকুফ করা হয়।