প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ধারণা দিতে ঢাকা চেম্বারের অনলাইন প্রশিক্ষণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু ও বিনিয়োগবিষয়ক ধারণা প্রদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস যৌথভাবে আয়োজিত দুই দিনব্যাপী উদ্যোক্তাসংক্রান্ত অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)’ ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার উইং) এফ এম বোরহান উদ্দিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল হাসান বাদল বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন, যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি দক্ষতা অর্জন না করে, বাংলাদেশিদের প্রবাসে না যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে এফ এম বোরহান উদ্দিন বলেন, রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশ সারা পৃথিবীতে ৮ম স্থানে রয়েছে, তবে আরো দক্ষ মানবসম্পদ বিদেশে পাঠানো সম্ভব হলে আমরা বেশি হারে রেমিট্যান্স আহরণে সক্ষম হব। তিনি দেশে ফেরত আসা প্রবাসীদের প্রবাস জীবনের দক্ষতা কাজে লাগানোর ওপর জোরারোপ করেন। 

সমাপনী বক্তব্যে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়া পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি, যারা তথ্যপ্রযুক্তিসহ শিল্পের নানাবিধ খাতে উন্নতির শিখরে রয়েছে, এমতাবস্থায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।