ঢাকা শহরে গ্রাহকের রিজার্ভ ট্যাংকে সুপেয় পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু ওয়াসার সরবরাহকৃত পানি গ্রাহকের রিজার্ভ ট্যাংক পর্যন্ত পৌঁছে না। গ্রাহকদের মোটর দিয়ে পানি টেনে আনতে হয়। এর কারণ হলো আগে পাম্প থেকে পানি উঠিয়ে তা ওয়াসার ওভারহেড ট্যাংকিতে জমা করা হতো। এবং সেখান থেকে সরবরাহ করা হতো গ্রাহকদের। ওভারহেড ট্যাংক থেকে পানি সরবরাহের কারণে পানিতে প্রেসার থাকত; ফলে সহজেই পানি রিজার্ভ ট্যাংকে পৌঁছাত। অজ্ঞাত কারণে ওভারহেড ট্যাংক থেকে পানি সরবরাহের পরিবর্তে দীর্ঘদিন ধরে সরাসরি পাম্প থেকে পানি সরবরাহ করা হচ্ছে। পানিতে প্রেসার না থাকায় গ্রাহকদের অতিরিক্ত মোটর লাগিয়ে পানি টেনে আনতে হচ্ছে। এভাবে পানি টেনে আনা ওয়াসার আইনে নিষিদ্ধ। পানি টেনে আনতে গ্রাহকদের অহেতুক প্রতি মাসে চার-পাঁচ হাজার টাকা বিদ্যুিবল পরিশোধ করতে হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে বিদ্যুতেরও অপচয় হচ্ছে। তাছাড়া কোটি কোটি টাকায় নির্মিত ওভারহেড ট্যাংকগুলো কালের সাক্ষী হয়ে আছে! কী কারণে ওভারহেড ট্যাংকগুলো পরিত্যক্ত হয়েছে, সেটা তলিয়ে দেখা দরকার। গ্রাহকদের অহেতুক বিদ্যুত্ খরচ রোধ এবং বিদ্যুত্ সাশ্রয়ের জন্য পুনরায় ওভারহেড ট্যাংকের মাধ্যমে পানি রিজার্ভ ট্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. আলী হায়দার
ঢাকা
