ইত্তেফাক রিপোর্ট
সাভারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে আশুলিয়া থানা এলাকার তানহা এসোসিয়েটস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে ঐ চার প্রতারককে গ্রেফতার করেন র্যাব-৪ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো—ঢাকার মো. সবুজ কাজী, খুলনার মো. শাওন মহলদার, বরগুনার মো. মাহবুব আলম এবং সিরাজগঞ্জের মো. আমিরুল ইসলাম। র্যাব জানায়, ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামক একটি ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করে। এ সময় ঐ অফিস থেকে ২০০টি রেজিস্ট্রেশন ফরম, ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদান পত্র, দুটি টাকা জমাদানের রসিদ, ১০টি পরিচয়পত্র এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
