ধামরাইয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:১১

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

চাকরি ফিরে পেতে এবং বকেয়া বেতনভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই থানা বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন ধামরাইস্থ বাটা সু কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা। তাদের অভিযোগ, প্রায় সোয়া ২০০ শ্রমিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে চাকরিচ্যুতরা বাটা সু কোম্পানির বিভিন্ন পদের কর্মকর্তাদের নামে শ্রম অধিকার আইনে শ্রম আদালতে মামলা করেছে। শনিবার মানববন্ধনকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী শ্রমিক জাকির হোসেন, পলাশ, মোজাম্মেল, কবির প্রমুখ। বক্তাদের অভিযোগ, চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অনেককে ক্ষতিপূরণ ও বকেয়া পাওনা না দিয়ে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, যা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া হয়েছে মর্মে কর্তৃপক্ষ জমা রেখেছে।