শ্রীপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ভাঙচুর, আহত ৩০

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:১২

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের নির্বাচনি কার্যালয়ে তিন দফা হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের ধারালো দায়ের কোপে বিএনপির মেয়র প্রার্থীসহ ৩০ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকরা প্রথমে মোটরসাইকেল নিয়ে কার্যালয়ের ভেতর বসে থাকা নেতাকর্মীদের ওপর উঠিয়ে দেয়। ঐ সময় বিএনপির মেয়র প্রার্থীসহ তার পাঁচ সমর্থক আহত হন। পৌর এলাকার শ্রীপুর সদরে বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে এলোপাতারি চেয়ার, টেবিল, গ্লাস, নির্বাচনী সামগ্রী ভাঙচুর করে। হামলার সময় সাধারণ মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে এবং আশপাশের দোকানিরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়। এর আগে দক্ষিণ ভাংনাহাটি গ্রামের পাগলাবাড়ী এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্পেও তারা হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে শ্রীপুর থানার সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান জানান, আওয়ামী লীগের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার অফিসে হামলা চালিয়েছে এবং আমাকে নির্বাচনী প্রচারণা করতে না দিতে ভয়ভীতি ও হুমকিধমকি দিচ্ছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগ বা এর কেউ জড়িত নয় বরং বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত শাহ আলমের লোকজন হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নবাবগঞ্জে যুবলীগের দুই

নেতাকে কুপিয়ে জখম

দোহার-নবাবগগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হামলা চালিয়ে উপজেলা যুবলীগ নেতা অলিউর রহমান অলি (৩৮) ও রাশেদুল ইসলাম রাশেদকে (২৯) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অলি ঐ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে ও রাশেদ একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হামলায় আহত ঐ দুজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬) ও মো. শাকিল (৩০) এবং ইমরান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নিয়েছেন।