যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়টি উড়িয়ে দেননি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রিপবালিকান সিনেটররাও মনে করছেন, ট্রাম্প অভিশংসিত হওয়ার কাজই করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিশংসনের বিরুদ্ধে কাজ করতে আইনজীবীদের একটি টিম গঠন করছেন। খবর সিএনএন ও রয়টার্সের
ভাইস প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবারও অস্থির প্রকৃতির হয়ে ওঠেন তাহলে মাইক পেন্সও ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে তাকে অভিশংসন করতে পারেন। ভাইস প্রেসিডেন্ট টিমের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে, অভিশংসনের চেষ্টা হলে প্রেসিডেন্ট ট্রাম্প ঝুঁকিপূর্ণ কাজ করে বসতে পারেন, যা দেশকেও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আরেকটি সূত্র জানায়, গত বুধবার ক্যাপিটল হিলে হামলার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স একে অপরের সঙ্গে কথা বলেননি। পেন্সকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিলেও প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দুুইটি সূত্র জানায়, ট্রাম্প পেন্সের ওপর ক্ষুব্ধ এবং পেন্স ট্রাম্পের কর্মকাণ্ডে হতাশ। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন, পেন্স প্রেসিডেন্ট নির্বাচনের ফল উলটে দেবেন; কিন্তু সেটি করতে অস্বীকৃতি জানান পেন্স। কংগ্রেস সদস্যদের চিঠি দিয়ে মাইক পেন্স জানান, সংবিধান অনুযায়ীই কাজ করবেন তিনি। পেন্সের ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানায়, পেন্স মনে করছেন যে, এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না। তাই তিনি এ বিষয়ে মন্ত্রিপরিষদের কারো সঙ্গে কথা বলেননি। এদিকে রিপাবলিকান সিনেটর প্যাট টুমি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই কাজ করেছেন। তবে এতো অল্প দিনের মধ্যে তাকে অভিশংসন করার পক্ষেও তিনি জোর দেননি।
আইনি দল গঠন করছেন ট্রাম্প
অভিশংসনের চেষ্টা হলে আইনিভাবেই মোকাবিলা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এজন্য তিনি একটি আইনি দলও গঠন করছেন, যে টিমে থাকবেন রুডি গিলিয়ানি এবং অ্যালান ডেরশোউইটজ। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পকে মেয়াদ শেষ হওয়ার আগেই অভিশংসিত করা হবে বলে জানিয়েছিলেন। এরপরই আইনি দল গঠন করেন ট্রাম্প। এর আগে ২০১৯ সালে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে সিনেটে সেটি নাকচ হয়ে গিয়েছিল।
