বুধবার বিএনপির প্রতিবাদ কর্মসূচি

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:৪৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া বানোয়াট মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থি। এই অপচেষ্টা এবং তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে  সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।