দেশে করোনা ভাইরাসে গত এক দিনে সংক্রমিত হয়েছে ১ হাজার ৭১ জন। এর মাধ্যমে দুই দিন পর শনাক্তের সংখ্যা আবার হাজার ছাড়াল। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৭১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮১টি ল্যাবে ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার ৫৯০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ৮ হাজার ৭২৯টি। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ আর নারী আট জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জনের বয়স ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, চার জন ময়মনসিংহ বিভাগের এবং এক জন করে মোট দুই জন চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দা।
