সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো (৭৫) আর নেই। গতকাল রবিবার যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণের কারণে বেশ কিছুদিন ধরেই খালেদুর রহমান অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তাকে যশোর সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি তিন ছেলে রেখে গেছেন।
রাজনীতিবিদ খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কোলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে কলেজের লেখাপড়া শেষে করে তিনি শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে কৃষক আন্দোলনে যোগ দেন। ১৯৭৪ সালের প্রথম দিকে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ভাসানী-ন্যাপ) যোগদান করেন। ৭৪ সালেই ন্যাপের জেলা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮১ সালে ‘গণতান্ত্রিক পার্টি’ গঠিত হলে তিনি এই রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেন।
জেপির শোক
সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জেপির নেতৃবৃন্দ বলেন, খালেদুর রহমান টিটোর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক হারাল। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
