এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ

মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে ১৩ জানুয়ারি

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:৫৩

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে  স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি নির্ধারণ করে হয়।

রবিবার সকালে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. মোহিতুল হকের আদালত এ তারিখ নির্ধারণ করে। এর আগে গত ৩ জানুয়ারি (রবিবার) সিলেট মুরারী চাঁদ (এমসি) এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অভিযোগ গঠনের তারিখ থাকলে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম। তিনি বলেন, আদালতে আসামিপক্ষ আরো দুদিন সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এদিকে, রবিবার আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন প্রার্থনা করেন  মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেকের। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে। নির্ধারিত তারিখে এ মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ। গত ৩ ডিসেম্ব্বর ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযোগ করে এই মামলার অভিযোগপত্র প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়াকে সরাসরি ধর্ষণে সম্পৃক্ত এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এই আট জনই বর্তমানে জেলহাজতে রয়েছেন।