মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের দায়ে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়া মুক্তির পরবর্তী তিন বছর তিনি পর্যবেক্ষণের আওতায় থাকবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা মোক্তার হোসেন নামের ঐ বাংলাদেশি আগে মেক্সিকোর মন্টেরিতে বাস করতেন। মামলার বিবরণ অনুযায়ী, মোক্তার হোসেন স্বীকার করেছেন যে, তিনি ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কাজে সম্পৃক্ত ছিলেন। গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জারি করা এ সংক্রান্ত এক বিবৃতি গতকাল রবিবার প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সাজাপ্রাপ্ত মোক্তার হোসেন মেক্সিকোর মন্টেরি থেকে পাচার কাজ পরিচালনা করতেন এবং সেখানে তিনি একটি হোটেলের ব্যবস্থাও করেছিলেন, যেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বহিরাগতরা আশ্রয় নিত। এরপর কীভাবে রিও গ্র্যান্ডে নদী পার হতে হবে, সে বিষয়ে বহিরাগতদের পরামর্শ এবং যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য গাড়িচালকদের টাকা দিতেন মোক্তার।
