তাপস-খোকনের বক্তব্যে সরকারের দুর্নীতির চিত্র উন্মোচিত :ফখরুল

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যে সরকারের দুর্নীতির চিত্র প্রকাশ্যে উন্মোচন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে সরকারের দুর্নীতিও সর্বগ্রাসী রূপ পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য থেকেই তা প্রমাণিত। গতকাল রবিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্নীতির অভিলাষেই ভ্যাকসিন

কিনতে মধ্যস্বত্বভোগী 

মির্জা আলমগীর বলেন, দুর্নীতি করার অভিলাষেই সরকার করোনার ভ্যাকসিন আমদানিতে ‘মধ্যস্বত্বভোগী’ নিয়োগ দিয়েছে। মূলত ভ্যাকসিন সরকার সরাসরি না কিনে ‘মধ্যস্বত্বভোগী’ নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্য। গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন। সভায় এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় বলেও জানান বিএনপির মহাসচিব। এছাড়া ২০০৭ সালের ১১ জানুয়ারির দিনটিকে ভয়ংকর কালো দিবস উল্লেখ করে এ বছরের ১১ জানুয়ারি ভার্চুয়াল আলোচনা সভার কর্মসূচি ঘোষণা দেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।