আলেম-ওলামাদের বিরুদ্ধে কুত্সা রটিয়ে বারবার মাদ্রাসায় হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। তিনি বলেছেন, এভাবে বারবার হামলার শিকার হলে নীরব থাকবে না হেফাজত। গতকাল রবিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মাওলানা জিহাদী। সম্প্রতি কক্সবাজারের পিএমখালী, চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার এবং চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ভাঙচুর হয়। এর প্রতিবাদ জানাতেই সংবাদ সম্মেলন করেন নুরুল ইসলাম জিহাদী।
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হামলার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ। হেফাজত চাইলে কর্মসূচি দিতে পারে। কিন্তু তারা ধৈর্য ধারণ করছেন। হেফাজত কর্মী-সমর্থকরা আইন নিজের হাতে তুলে নিতে চায় না। সরকার হামলাকারীদের বিচার করুক। নুরুল ইসলাম জিহাদী বলেন, আল্লামা আহমদ শফী প্রতিষ্ঠিত হেফাজত রাজনৈতিক দল নয়। সরকার বিরোধী বা নির্বাচনমুখী সংগঠনও নয়। হেফাজত সংবিধান ও প্রচলিত আইন মেনে আন্দোলন করে। কিন্তু চাঁদপুর, কক্সবাজার ও ফটিকছড়িতে মাদ্রাসায় আক্রান্ত হওয়ার পর সরকারকে জানাতে চাই, তারা কেন আইন হাতে তুলে নিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহমদ শফীর মৃত্যুর ঘটনাকে কথিত ‘হত্যা’ আখ্যা দিয়ে মামলা দায়েরেরও নিন্দা করেন নুরুল ইসলাম জিহাদী। তিনি বলেন, আল্লামা শফীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব এসেছে। অস্বাভাবিক মৃত্যুর নামগন্ধও ছিল না কিন্তু হঠাত্ করেই মামলা হলো কার নির্দেশে? সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবসহ বিভিন্ন স্তরের নেতারা।
