মাইনাস তাপমাত্রায় কাঁপছে ইউরোপ-আমেরিকার অধিকাংশ দেশ। তবে বরফ-শীতল এ তাপমাত্রাকে এড়িয়ে না গিয়ে বরং উপভোগ করছে চীন। বরাবরের মতো এবারও চীনের হাইলংজিয়াং প্রদেশে শুরু হয়েছে ৩৭তম বরফ উত্সব ‘হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল’। বরফ কেটে নানা কারুকার্য যেমন পাহাড়সম অট্টালিকা, প্রশস্ত রাজপথ, কাল্পনিক পরীর রাজ্য বানিয়ে প্রতি বছর পালিত হয় এ উত্সব। সব মিলিয়ে গড়ে ওঠে অসাধারণ এক নতুন শহর। আবহাওয়া ঠিক থাকলে এবারও ৫ জানুয়ারি শুরু হয়ে এক মাস চলবে এ উত্সব। চীনাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এ উত্সব দেখতে আসে। তবে করোনা মহামারির কারণে এ বছর পর্যটকের সংখ্যা কমছে। প্রতি বছর কর্মীরা সঙ্গুয়া নদী থেকে বরফ খণ্ড তুলে আনে। এরপর ভাস্কররা সেটি খোদাই করে নান্দনিক কারুকার্যে রূপ দেন। খবর সিএনএনের।
